ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড :এই শোক সহ্য করার মতো নয় : ফখরুল

ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই শোক সহ্য করার মতো নয়। বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে আচ্ছন্ন থাকে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, গতরাতে এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। ঢাকা থেকে এই লঞ্চটি ৪০০ জন যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটিতে ১০০০ এর মতো যাত্রী ছিল। পোড়া ওই লঞ্চ থেকে এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। ৯০ জনকে দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সারা জাতির ন্যায় আমিও বিমর্ষ বেদনায় শোকাহত।


তিনি আরও বলেন, এই শোক সহ্য করার মতো নয়। বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে সবসময় আচ্ছন্ন থাকে। অখণ্ড কর্তৃত্বের অধিকারী ক্ষমতাসীনদের বেপরোয়া কর্মকাণ্ডে দেশব্যাপী যেন অনিয়মেরই রাজত্ব চলছে। জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আটকিয়ে ফেলা হয়েছে।


কোথাও কোনো নিয়ম মানার বালাই নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে সর্বত্র দুর্বৃত্তদের দাপট বিদ্যমান। আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই এক নিকৃষ্ট নমুনা।


লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নামে চট্টগ্রামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তিন বছর আগে নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানির মিথ্যা অভিযোগে এই অভিযোগপত্র দেওয়া হয়। এটি সম্পূর্ণভাবে বিএনপি নেতাদের ঘায়েল করার সুপরিকল্পিত চক্রান্ত।


এসময় তিনি আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার ঘটনায় নিন্দা ও এর প্রতিবাদ জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑